কাদেরকে নির্যাতনকারী সেই ওসি কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনকারী খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার এক নম্বর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবির রাজের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হেলাল উদ্দিন।
পরে জামিন আবেদন নাকচ করে হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এর আগে গত ১৭ মে একই আদালত আসামিকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাসের কারাবাসের আদেশ দেন।
২০১৩ সালের ২৩ জানুয়ারি খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়। ওই বছরেরই ২৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। একই বছরের ৪ এপ্রিল ওই চার্জশিট আদালতে গৃহীত হয়।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৬ জুলাই্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র আবদুল কাদেরকে আটক করে নির্যাতন করা হয়। ২০১২ সালের ২৩ জানুয়ারি ওসি হেলাল উদ্দিনকে আসামি করে আবদুল কাদের মামলা করেন।
একই বছর ২৬ মার্চ খিলগাঁও থানার উপ-পরিদর্শক হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রদান করা হয়। ২০১২ সালের ১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়।
বিএ/পিআর