বিবেকের দায়বদ্ধতা থেকেই সংসদে যাই : ইউনুস আলী


প্রকাশিত: ১২:২৯ পিএম, ৩১ মে ২০১৫

দশম জাতীয় সংসদে সবচেয়ে বেশি হাজির হয়েছেন ইউনুস আলী সরকার। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের এ এমপি ১২২ কার্যদিবসের মধ্যে ১১৮ দিন সংসদে উপস্থিত হয়েছেন। পেশায় তিনি চিকিৎসক। এবারই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ছাত্র থাকাবস্থায় রাজনীতিতে নামেন ইউনুস আলী। বর্তমানে তিনি সাদুল্যাপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ১১৭ কার্যদিবস সংসদে গিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা। আর ১১৫ কার্যদিবস সংসদে গিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন বগুড়া-১ আসনের আওয়ামী লীগ সমর্থিত আবদুল মান্নান ও ময়মনসিংহ-৭ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ মান্নান।

সংসদে সবচেয়ে বেশি উপস্থিতি সম্পর্কে ইফনুস আলী সরকার জাগো নিউজকে বলেন, বিবেকের দায়বদ্ধতা থেকেই সংসদে যাই। সংসদ হল গণতন্ত্রের সূতিকাগার। সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করাটাকে আমি ব্যক্তিগতভাবে উপভোগ করি।

তিনি আরো বলেন, আমরা নির্বাচিত হয়েছি মানুষের হয়ে সংসদে কথার বলার জন্য। আর নিজ নির্বাচনী এলাকার মানুষদের হয়ে কথা বলার সবচেয়ে উপযুক্ত স্থান সংসদ। তাই নিয়মিত সংসদে যাই।

তিনি আরো জানান, সংসদ চলাকালীন সময় আমি ডাক্তারি সব কার্যক্রম বন্ধ রাখি। সেই সময় আমার পরিবর্তে অন্যজনকে দায়িত্ব দিই।

সবাই সমান সুযোগ সুবিধা নিয়েও সংসদে যান না, কিন্তু আপনি কেন যান- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো তারা অন্য কাজে ব্যস্ত থাকায় সংসদে যেতে পারেন না। আর জানুয়ারি থেকে তিন মাস দেশের অবস্থা ভালো ছিল না। সেসময় অনেকেই নির্বাচনী এলাকা ছাড়তে পারেননি। এজন্য হয়তো সংসদে উপস্থিত হতে পারেননি। তবে আমার মনে হয় সবারই সংসদে নিয়মিত যাওয়া উচিত। কারণ এজন্য আমরা ভাতা পাই।  

এইচএস/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।