৫১ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ৩১ মে ২০১৫

৫১ হাজার গৃহহীন পরিবারকে সরকার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। তিনি বলেছেন, গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ভূমি মন্ত্রণালয় এসব পরিবারকে পুনর্বাসন করবে। রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অগ্রাধিকার কাজের মধ্যে গৃহহীন ও ভূমিহীনদের পুনর্বাসন করাকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, দেশের দারিদ্র্য বিমোচনে ভূমি ও গৃহহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত ও গুচ্ছগ্রাম নির্মাণসহ তাদের পুনর্বাসন করা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের অন্যতম লক্ষ্য। এছাড়া গৃহহীনদের পুনর্বাসন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলো কি-না সেদিকে প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দেন মন্ত্রী।

ভূমিমন্ত্রী আরো বলেন, জনদুর্ভোগ, ভোগান্তি ও দুর্নীতি রোধে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার জন্য সংশিষ্ট বিভাগীয় কমিশনারদের জোর তাগিদ দিয়েছেন।

মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ভূমিকে ডিজিটালাইজড করার বিকল্প আর কিছু নেই। নদীতে জেগে ওঠা চরগুলোতে চর্চা ম্যাপ অথবা দিয়ারা জরিপের মাধ্যমে বন্দোবস্ত প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভায় আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় সীমানা বিরোধ নিষ্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী। এছাড়া অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, সরকারি স্বার্থ রক্ষার্থে জিপিদের কার্যক্রম তদারকিতে আরো তৎপর হওয়া, বিভাগভিত্তিক ভূমি প্রশাসন কেন্দ্র স্থাপন, ভূমি অফিস পরিদর্শন প্রতিবেদন সম্পর্কিত বিষয়াদি নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় অন্যদের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুর রব হাওলাদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ময়েজ্জদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব প্রশাসন আকরাম হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) পুণ্যব্রত চৌধুরী ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।