মোদির অপেক্ষায় অপরুপা ঢাকেশ্বরী!


প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ০১ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ জুন ঢাকা আসছেন। দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ এ সফরে ৭ জুন সকালে জাতীয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মোদির। তাই নান্দনিক সাজে সাজানো হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী এই মন্দিরটিকে।

জানা গেছে, ঢাকেশ্বরীতে পূজা দেবেন ভারতের প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে। নরেন্দ্র মোদির আগমনকে সামনে রেখে প্রতিদিন ভারতীয় হাইকমিশন থেকে একটি সিকিউরিটি টিম মন্দির প্রাঙ্গণ ঘুরে যাচ্ছে।

এছাড়া মন্দির কমিটি থেকে মন্দির বাগান, শিব মন্দিরের সামনের অংশ, বিভিন্ন ফুলের টব ঘষা-মাজা থেকে শুরু করে মন্দিরের সব আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। মঙ্গলবার মন্দিরের মাঠ ধোয়া হবে।

২ থেকে ৫ জুন পর্যন্ত মন্দিরে আসা ভক্ত-দর্শনার্থীদের কঠোর নজরদারিতে রাখবে মন্দিরের সিকিউরিটি টিম। ৬ জুন দুপুর ২টার পর মন্দিরের সিকিউরিটি টিম উঠিয়ে নেয়া হবে। তখন পুরো মন্দির প্রাঙ্গণ ভারতীয় হাইকমিশন ও সরকারের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ন্ত্রনে চলে যাবে। এ সময় মন্দিরে কোনো ভক্ত বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

সোমবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত জাতীয় মন্দির প্রাঙ্গণ সরজমিনে ও মন্দির পরিচালনা কমিটির হিন্দু নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তারা আরো জানিয়েছেন, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি নরেন্দ্র মোদিকে মন্দিরে স্বাগত জানাবেন। ভারতের প্রধানমন্ত্রীকে তারাই মন্দিরের মাঠে নিয়ে যাবেন।

প্রসঙ্গত, এরআগে বাংলাদেশ সফরে এসে ২০১৪ সালের ২৭ জুন ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেন মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।