সৌদিতে আত্মঘাতী হামলায় প্রধানমন্ত্রীর উদ্বেগ


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০২ জুন ২০১৫

সৌদি আরবের দাম্মাম মসজিদের সামনে এক আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং অপর ৭ জন আহত হয়।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের কাছে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস মোকাবেলায় সৌদি আরব ও বিশ্ব সম্প্রদায়ের সাথে এক সঙ্গে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বার্তায় শেখ হাসিনা বলেন, গত শুক্রবার দাম্মামে একটি মসজিদের পাশে আত্মঘাতী বোমা হামলায় তিনজনের প্রাণহানি ও ৭ জনের আহত হবার ঘটনা খুবই দুঃখজনক ও উদ্বেগের বিষয়।

তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের লড়াইয়ে বাংলাদেশের জনগণ তাদের সংহতি প্রকাশে আমার সঙ্গে যোগ দিয়েছে। আমি এ ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে নিন্দা জানাতে এবং সৌদি আরব ও বিশ্ব সম্প্রদায়ের সাথে একসঙ্গে কাজ করতে আমাদের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

প্রধানমন্ত্রী এই দুঃখজনক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন এবং সৌদি বাদশাহ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ও সেদেশের ভ্রাতৃপ্রতিম সকল জনগণের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শোক বার্তায় বাদশাহ্’র সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ এবং সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।