৫ মাসে ৯৫টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড : অধিকার
গত পাঁচ মাসে দেশে ৯৫টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। আর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন ১৩৭ জন। গুম হয়েছেন ৩৬ জন। ধর্ষণের শিকার হয়েছেন ২৩৩ জন নারী। সোমবার মানবাধিকার সংস্থা অধিকার এসব তথ্য প্রকাশ করে।
সংস্থাটি জানায়, পাশাপাশি গত পাঁচ মাসে রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন তিন হাজার ৭৮৩ জন। নিহত ব্যক্তির সংখ্যার দিক দিয়ে প্রথম তিন মাসে এ সংখ্যা ছিল ১২১ জন। এদিকে সীমান্তে বিএসএফের হাতে নিহত হয়েছেন ২০ বাংলাদেশি। আহত ২৯ জন, আর অপহরণ করা হয়েছে ১৬ জনকে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে শুধু ক্রসফায়ারেই নিহত হয়েছেন ৭৩ জন। এছাড়াও গুলিতে, পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা ও নির্যাতনে মৃত্যুর ঘটনা রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, জানুয়ারিতে ১৮টি, ফেব্রুয়ারিতে ৩৮টি মৃত্যুর ঘটনা ঘটে। তবে মার্চ ও এপ্রিল মাসে এ সংখ্যা কমে যথাক্রমে হয়েছিল ১২টি ও ৯টি। কিন্তু মে মাসে আবার আগের মাসের তুলনায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বেড়ে দ্বিগুণ হয়।
এদিকে প্রতিবেদনে সাংবাদিকদের ওপর আক্রমণের চিত্রও তুলে ধরা হয়। সেখানে বলা হয় বছরের এ পাঁচ মাসে ৪৬ জন আহত হয়েছেন। হুমকির সম্মুখীন ১৪, লাঞ্ছিত ৩, নির্যাতন এক ও গ্রেফতার হয়েছেন ৫ জন।
সংস্থাটির প্রতিবেদনে সব রাজনৈতিক দলকে সহিংসতা ও সংঘাতপূর্ণ রাজনীতি বন্ধের জন্য অবিলম্বে নিরপেক্ষ সরকার কিংবা জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন করার প্রয়োজনীয়তা সুপারিশ আকারে তুলে ধরে।
প্রতিবেদনে নারী নির্যাতন বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অপরাধীদের শাস্তি প্রদান ও গণমাধ্যমের সচেতনতা বৃদ্ধির সুপারিশ করা হয়।
বিএ/আরআই