এবারও সাংবাদিক লাউঞ্জে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ জুন ২০১৫

বছরের প্রথম অধিবেশন কিংবা বাজেট অধিবেশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সংসদে এসে বরাবরের মতো এবারও তিনি কর্মরত সাংবাদিকদের খোঁজ নিলেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ২৮ মিনিট। সংসদের সার্জেন্ট এট আর্মস এসে জানালেন ‘মহামান্য’ রাষ্ট্রপতি আসছেন আপনাদের লাউঞ্জে। এতে কেউ অবাক না হলেও সতর্ক হলেন সবাই। কারণ সুযোগ পেলেই তিনি সংসদের সাংবাদিক লাউঞ্জে যান।

বরাবরের মতো এবারও বিন্দুমাত্র সংশয় কিংবা প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই চলে আসেন সাংবাদিকদের কাছে। এরপর একান্ত আলাপচারিতায় মেতে উঠেন কয়েক মিনিট। খোঁজ-খবর নেন সাংবাদিকদের। জানতে চান কেমন চলছে? কোনো সমস্যা রয়েছে কিনা? লাউঞ্জের এসিটি কাজ করছে কিনা, তাও খোঁজ নেন রাষ্ট্রপতি। ৭ মিনিটের মতো অবস্থান শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে সাংবাদিক লাউঞ্জ ত্যাগ করেন তিনি।

এর আগে চলতি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন ২৯ জানুয়ারি এবং গত বছর ৬ জুন অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য চলাকালেও রাত ৮টা ৩৪ মিনিটে রাষ্ট্রপতি সংসদের সাংবাদিক লাউঞ্জে এসে খোঁজ-খবর নেন। এসময় তিনি কিছুক্ষণ অবস্থানও করেন। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে করমর্দনও করেন। এবারও তার কোনো ব্যত্যয় ঘটেনি। স্পিকার থাকাকালেও ঠিক এভাবেই তিনি সবার খোঁজ-খবর নিতেন।

এইচএস/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।