ঢাকা-কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থায় বিশেষ নজর
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের নামে তিনটি সেতুর নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করেন।
বাজেট প্রস্তাব বক্তৃতায় তিনি বলেন, শেখ কামাল, জামাল ও রাসেল সেতু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনে উন্নীতকরণ প্রকল্প, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ নির্মাণ দ্বিতীয় পর্যায় (ইনানী থেকে সিলখালী), যাত্রাবাড়ী-কাচপুর সড়ক আট লেনে উন্নীতকরণ এবং আড়িয়াল খাঁ নদীর উপর সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণকাজ এই অর্থবছরে শেষ হবে।
এছাড়া বাস ট্রানজিট, সড়ক পরিবহন ও ট্রাফিক বিষয়ক বেশ কয়েকটি আইন প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী আরো বলেন, যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় ৬১টি সেতু পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ, দ্বিতীয় কাচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ করা হবে। একইসঙ্গে গলাচিপা, পায়রা ও কচা নদীর উপর সেতু নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে ৯ দশমিক ৭ শতাংশ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আরএস