মোদির ঢাকা সফরে নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত পুলিশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি যুগ্মকমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার বিষয়ে রেজাউল আলম বলেন, মোদির নিরাপত্তা এবং তার সফরকে কেন্দ্র করে যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে পুলিশের প্রটেকশন, ক্রাইম এবং ট্রাফিক বিভাগ একসঙ্গে কাজ করবে। এ কথায় বলা যায়, নিশ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোদির মুভমেন্টকে কেন্দ্র করে নির্ধারিত সব রুট এবং ভেন্যুর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। মোদির নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ডিএমপি কাজ করবে জানিয়ে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরে যার যে নির্ধারিত দায়িত্ব পালন করার কথা তারা তাদের দায়িত্ব পালন করবে। সে সময় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে ।
এর আগে ডিএমপি সদর দপ্তরে বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনারের সভাপতিত্বে এই বৈঠকে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ডিএমপির অধীনে থাকা ৪৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) অংশ নেয়। ওই বৈঠক থেকেই এসব সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, আগামী ৬ জুন দুইদিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এআর/জেইউ/আরএস/আরআই