প্রধান বিচারপতির ব্ক্তব্যে মর্মপীড়ায় ভুগছেন ফরেনসিক বিশেষজ্ঞরা
‘ময়নাতদন্তের রিপোর্টের শতকরা ৯৯ দশমিক ৯৯ ভাগই ক্রুটিপূর্ণ। এর ফলে ন্যায়বিচার নিশ্চিত করতে সমস্যা হচ্ছে।’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এমন বক্তব্যে মর্মপীড়ায় ভুগছেন দেশের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা। তারা প্রধান বিচারপতির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ না করলেও উল্লেখকৃত পরিসংখ্যান নিয়ে আপত্তি তুলেছেন।
ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতির বক্তব্যের সিংহভাগের সঙ্গে একমত প্রকাশ করে কি কারণে ফরেনসিক মেডিসিন চিকিৎসকরা সঠিকভাবে ময়নাতদন্ত করতে পারছেন না সে সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন।
মেডিকোলিগ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতির বক্তব্য-
মেডিকোলিগ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আ ম সেলিম রেজা জাগো নিউজকে বলেন, `গত সোমবার ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যের সিংহভাগের সঙ্গে একমত পোষণ করি। তবে এগুলো সমাধানের ক্ষেত্রে সবচেয়ে গুরত্বপূর্ণ আশু পদক্ষেপ নেওয়া। প্রশিক্ষিত ও ডিগ্রীধারী চিকিৎসকদের দ্বারা ময়নাতদন্ত সম্পন্ন করা, এতে বিচার বিভাগও তার মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবে।
তবে প্রধান বিচারপতি ক্রুটিপূর্ণ ময়নাতদন্ত সম্পর্কে যে পরিসংখ্যান দিয়েছেন এর পরিবর্তে সিংহভাগ বলা বাঞ্ছনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি।
ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধানের বক্তব্য-
দেশের অন্যতম প্রধান ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. হাবিবুজ্জামান জাগো নিউকে বলেন, এ কথা সত্যি যে ময়নাতদন্ত প্রতিবেদনের সিংহভাগই ক্রুটিপূর্ণ থাকে। তবে কেন প্রতিবেদন নির্ভুলভাবে করা যায় না এর নেপথ্যে কারণগুলো খুঁজে বের করে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের উপযুক্ত প্রশিক্ষণের সু-ব্যবস্থা নেই। নেই ঝুঁকিভাতা কিংবা কোন ধরনের প্রনোদনা ভাতা। মামলার সাক্ষ্য দিতে গেল নিজের পকেটের টাকা খরচ করে যেতে হয়। দেশে অনেক ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন, যারা নির্ভুলভাবে ময়নাতদন্ত সম্পন্ন ও প্রতিবেদন তৈরি করতে পারেন।
প্রধান বিচারপতির এ বক্তব্যেকে আমলে নিয়ে ফরেনসিক মেডিসিন বিভাগের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের একটি জাতীয় দৈনিকে ফরিদপুর প্রতিনিধির বরাত দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য প্রচার করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, `প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলার ক্ষেত্রে ময়না তদন্ত একটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে ময়নাতদন্তের যে প্রতিবেদন দেয়া হয় তার ৯৯ দশমিক ৯৯ ভাগই ক্রুটিপূর্ণ। এর ফলে ন্যায়বিচার নিশ্চিত করতে সমস্যা হচ্ছে।`
আরএস