ছিটমহল উন্নয়নে পুনর্বাসন প্যাকেজে সম্মতি ভারতের
বাংলাদেশ সফরের আগে ফের তাঁর সফর-সঙ্গী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দাবি মেনে ছিটমহল উন্নয়নের জন্য পুনর্বাসন প্যাকেজে সম্মতি জানালো কেন্দ্র। রাজ্যের দাবি মেনেই এই বাবদ সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ যাওয়ার ঠিক আগে মোদি সরকারের এই ভূমিকায় স্বভাবতই খুশি রাজ্য। এ বারের মোদির এই বাংলাদেশ সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। তাই মমতাকে পাশে নিয়েই বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের মনোভাব বারে বারেই প্রমাণ করতে উদ্যোগী তারা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী দফতরে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। যে কারণে পররাষ্ট্র সচিব জয়শঙ্করের সাংবাদিক সম্মেলনও একাধিক বার পিছিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, বুধবার বিকেল ৪টার এই সাংবাদিক সম্মেলন পিছিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় করার সিদ্ধান্ত হয়। কিন্তু শেষ মুহূর্তেও তা-ও বাতিল করে দেওয়া হয়। আপাতত মোদির বাংলাদেশ সফরের আগের দিন, শুক্রবার বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে তিন বার বৈঠকের সময় পরিবর্তন করা হল।
এসআরজে