ভাটারায় ভুয়া ডাক্তার আটক
রাজধানীর ভাটারা থানাধীন খিলক্ষেত কুড়াতলী বাজারের রাসেল মেডিসিন কর্নারে অভিযান পরিচালনা করে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মারুফ আহমেদ।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ভাটারা থানাধীন খিলক্ষেত কুড়াতলী বাজারের রাসেল মেডিসিন কর্নারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
সেখানে চিকিৎসক পরিচয় দানকারী মনসুরুল সাকিব আমান উল্লাহ (২৮)কে আটক করা হয়।
আটকৃত মনসুরুল সাকিব আমান উল্লাহ জিজ্ঞাসাবাদে জানায় প্রায় ৬ মাস যাবৎ তিনি এ ফার্মেসিতে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করে আসছেন এবং তিনিই আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করে থাকেন।
মনসুরুল সাকিব আমান উল্লাহ নাম পরিবর্তন করে ডা. শাহাদাত হোসেন আমানউল্লাহ, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) পার্ট-২, সিসিডি (বারডেম), ডিএমইউ (ঢাকা) কনসালটেন্ট সনোলজিস্ট আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এর বিশেষজ্ঞ ডাক্তার সাইনবোর্ড ব্যবহার করে ফার্মেসিতে চিকিৎসা প্রদান করে আসছিলেন।
যে সকল ডিগ্রি ব্যবহার করেছেন সে গুলোর স্ব-পক্ষে তার কাছে কোন কাগজপত্র নেই।
আটককৃত মনসুরুল সাকিব আমান উল্লাহ-এর স্বীকারোক্তির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান, মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮(১) ধারার আওতায় ছয় মাসের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
ওই অভিযানের নেতৃত্ব প্রদান করেন র্যাব-২ এর উপ-পরিচালক লে. কমান্ডার সাজ্জাদ রায়হান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি উপ-পরিচালক ডা. স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।
জেইউ/এসএইচএস/পিআর