দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করবেন মোদি


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৬ জুন ২০১৫

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি শনিবার ব্যস্ত দিন পার করেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এরপর থেকেই নানা কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বাংলাদেশে আসা এবং নানা কর্মসূচিতে অংশ নেয়ার অনুভূতি এবং খবরাখবর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেন। সঙ্গে যুক্ত করেন ছবি এবং ভিডিও। এতে বাংলাদেশ সফর নিয়ে তার মনোভাবের কথা জানা যায় সহজেই।

রোববার সফরের দ্বিতীয় দিনও মোদি ব্যস্ত সময় কাটাবেন। এদিন সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্যদিয়ে তার কর্মসূচি সূচনা করবেন। এরপর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের এই নেতার।

এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন মোদি।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এছাড়া ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

রোববার রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। এর আগে ভারতীয় হাইকমিশন আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। এই বক্তব্যে তিনি কী বলেন এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে।

এইচআর/বিএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।