আটক ৯ জঙ্গি ৭ দিনের রিমান্ডে


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৮ জুন ২০১৫

রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজি ও আনসারুল্লাহ বাংলা টিমের নয় সদস্যকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে রোববার রাতে সুত্রাপুর ও বনশ্রীতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের কাছ থেকে বোমা, বিস্ফোরক ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হচ্ছেন কাজী ইফতেখারুল খালেদ, ফাহাদ বিন নুরুল্লাহ কাসেমী, মো. রাহাত, দ্বীন ইসলাম, আরিফুল করিম চৌধুরী, নুরুল ইসলাম, মাওলানা নুরুল্লাহ কাসেমী, মো. দেলোয়ার হোসেন ও মো. ইয়াসিন আরাফাত।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় বলেন, নতুন জঙ্গি সংগঠনের অর্থ সংগ্রহের জন্য তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল। সেসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
 
আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক পাঁচ কেজি, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির গবেষণাগার, আটটি বোমা, ছয়টি চকলেট বোমা, চারটি চাপাতি, উগ্র-মতবাদ সম্বলিত পুস্তক এবং বাংলাদেশ জিহাদি গ্রুপের একটি প্রস্তাবিত পতাকা উদ্ধার করা হয়েছে।
 
কৃষ্ণ পদ রায় আরো জানান, নতুন সংগঠনটির জন্য ঢাকা ছাড়াও উত্তরবঙ্গের একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল তারা। তাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে বাকিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। আটককৃতদের বিরুদ্ধে খিলগাঁও এবং সুত্রাপুর থানায় বিস্ফোরক ও সন্ত্রাস আইনে চারটি মামলা দায়ের করা হয়েছে।
 
ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. আহসান হাবীব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিট ও পুলিশের বিশেষ শাখার একটি টিম অভিযানটি পরিচালনা করেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।