মোদির সফর সফল ও ঐতিহাসিক : জয়
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সফল এবং ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাতে নিজের ফেসবুক পেজে জয় লিখেন, `ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর সফল এবং ঐতিহাসিক। বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা পুরো উপমহাদেশকে উপকৃত করবে। তিনি (মোদি) কথায় এবং কাজে সর্বোচ্চভাবে আন্তরিক।``
তিনি লিখেন, ``সবচেয়ে মজার বিষয় এটাই যে, বিএনপি এখন চরমভাবে তাদের ভারতবিরোধী অবস্থানকে অস্বীকার করছে। তারা জনগণকে বোকা ভাবে।``
জয় আরো লেখেন, ``খালেদা জিয়া ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাকে উপেক্ষা করেছেন এবং তার সঙ্গে একটি পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার কোনো সাক্ষাৎ নির্ধারিত ছিল না। তারপরও বিএনপি মরিয়া হয়ে এই সাক্ষাতের জন্য তদবির করেছিল।``
এসকেডি/এমএস