প্রধানমন্ত্রীকে মহিলা বলে সমালোচনায় মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে সোমবার দিনভর মোদির বিরুদ্ধে টুইটারে তীব্র সমালোচনার ঝড় বয়ে যায়।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দেয়া বক্তৃতার এক অংশে তিনি বলেন, একজন মহিলা হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছেন, প্রকাশ্যে বলছেন যে, তিনি নাশকতা বরদাস্ত করবেন না, তা প্রশংসা পাওয়ার যোগ্য। এই বিপদের মোকাবিলায় তার ভূমিকার জন্য আমি শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে চাই।
এখানে ‘মহিলা হওয়া সত্ত্বেও’ মন্তব্য নিয়েই সমালোচনার মুখে পড়েন মোদি। তাকে কেউ কেউ নারী বিদ্বেষী, নারীদের প্রতি শ্রদ্ধাহীন সমালোচনাসহ ব্যঙ্গ-বিদ্রুপে বিদ্ধ করেছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরে অনেকেই মারি কুরি, ইন্দিরা গান্ধী এমনকি মালালা ইউসুফজাইয়ের প্রসঙ্গও টেনে এনেছেন।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একুশ শতকে এসে নারীদের প্রতি এই মনোভাব নিয়ে কী করে তিনি ভারতকে প্রথম সারিতে নিয়ে আসার কথা বলেন?’ কেউ বলেছেন, তাহলে কি মোদি তার নিজের দেশের এবং বিশ্বের সফল নারীদের কথা জানেন না?’
রাজনৈতিক মহলেও মোদির মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, নারীরা ভীতু। এ কথা তিনি কি করে বলতে পারেন?
কংগ্রেস নেত্রী ও দলের মুখপাত্র শোভা ওঝা বলেন, হাসিনা সম্পর্কে মোদি যা বলেছেন, তা অত্যন্ত অপমানকর। এমন কথা বলার অধিকার তার নেই।
কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা মোদির বৈবাহিক জীবন নিয়ে মিথাচারের অভিযোগ তুলে নারীদের প্রতি তার আচরণের কথা তুলে ধরতে চেয়েছেন।
মোদির বিয়ে করা স্ত্রীকে দীর্ঘদিন ধরে স্বীকার না করা প্রসঙ্গে ঝা’ বলেন, ‘অন্য কোনো দেশ হলে এমন একজন যিনি বছরের পর বছর ধরে নিজের বিবাহিত জীবন নিয়ে মিথ্যা বলে এসেছেন, তিনি প্রধানমন্ত্রী হতেই পারতেন না।’
এসকেডি/এমএস