ঈদে ৫০ লাখ জাল টাকার সরবরাহের পরিকল্পনা!


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৯ জুন ২০১৫

আসন্ন ঈদ-উল-ফিতরে রাজধানীর বাজার ও শপিং মলগুলোতে ৫০ লাখ জাল টাকা ছাড়ার পরিকল্পনা নস্যাৎ করে রাজধানীর মিরপুর থেকে একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম।

এর আগে সোমবার রাতে মিরপুরের মধ্য মনিপুর থেকে জাল টাকার সরবরাহকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বাজারে ৫০ লাখ টাকা ছাড়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. শফিকুল ইসলাম (শামীম), মো. সোহাগ অধিকারী, মোছা. জেসমিন আক্তার, মো. সুমন আহমেদ, মো. বায়েজীদ উদ্দিন ও মো. সিদ্দিকুর রহমান।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার ১০০০ ও ৫০০ টাকা জালনোট, টাকা তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, ৩টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ, ৩টি প্রিন্টার, ১০০০ ও ৫০০ টাকা লেখা জলছাপ দেওয়া কাগজ ১২ বান্ডিল, ২টি কার্টার ও অন্যান্য মুদ্রণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শেখ নাজমুল আলম বলেন, ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে তারা এই ব্যবসা করে থাকে। শফিকুল দীর্ঘ ৬-৭ বছর ধরে জালটাকার ব্যবসার সাথে জড়িত।

বিভিন্ন সময় সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়ানিয়ে জাল টাকা তৈরীর কারখানা স্থাপন করে জাল টাকার পাশাপাশি চাহিদা অনুযায়ী ভারতীয় রুপি, মার্কিন ডলার, ইউরোসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের টাকা তৈরি করে। এরপর তা দেশব্যাপী বিস্তৃত সিন্ডিকেটের মাধ্যমে সারাদেশে বাজারজাত করে থাকে।

ইতিপূর্বেও শফিকুল ও তার সহযোগীরা একাধিক বার পুলিশের হাতে জালটাকা প্রস্তুত ও কেনা-বেচা করতে গিয়ে গ্রেফতার হয়েছে বলে জানান নাজমুল আলম।

ডিবি পশ্চিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামের তত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহমুদ নাসের জনির অভিযানটি  পরিচালনা করেন।
 
এআর/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।