জাতীয় পরিচয়পত্রের জন্য টাকা লাগবে
এতদিন বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র সরবরাহ ও সংশোধন করা হলেও এখন টাকার বিনিময়ে করতে হবে। প্রকার ভেদে ১০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত গুণতে হবে সংশ্লিষ্টদের। আগামী ১ সেপ্টেম্বর এ কাজের জন্য টাকা দিতে হচ্ছে। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার গেজেটটি নির্বাচন কমিশনে (ইসি) এসে পৌঁছায়।
এ বিষয়ে এর আগে ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, প্রথমবার বিনা পয়সায় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করা হয়। কিন্তু বারবার বিনা পয়সায় এটি দেওয়া অনেক ব্যয়বহুল। তাই সংশোধন, হারানো কার্ড উত্তোলন বা নবায়নের জন্য ফি নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, জাতীয় পরিচয়পত্র নবায়নে জন্য ১০০ টাকা নেওয়া হবে। আর জরুরি হলে ১৫০ টাকা, হারানো বা নষ্ট হওয়ার কারণে প্রথমবার নতুন আইডি কার্ড পেতে ২০০ টাকা দিতে হবে। জরুরি হলে ৩০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকার, জরুরি হলে ৫০০ টাকা, পরবর্তী যেকোনো বার আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা ও জরুরি হলে এক হাজার টাকার দিতে হবে।
এছাড়া প্রথমবার এনআইডি সংশোধনের জন্য ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা পরবর্তী যেকোনো বারের জন্য ৪০০ টাকা ব্যয় হবে।
প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রকল্প হাতে নেয় ইসি। এ পর্যন্ত নয় কোটি ২০ লাখ নাগরিককে পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। এদের মধ্যে প্রায় নয় কোটি নাগরিকের আইডি কার্ডের মেয়াদ রয়েছে ২০১৫ সাল পর্যন্ত। এরপর তাদের আইডি নবায়ন করতে হবে।
এইচএস/বিএ/আরআইপি