হেমায়েতপুরে শিবলিঙ্গের মূর্তি উদ্ধার, আটক ৪
ঢাকার অদূরে সাভার এলাকা থেকে ১৮ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি শিব লিঙ্গের মূর্তিসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের আটক করে র্যাব-১০ সদস্যরা।
আটককৃতরা হলেন, বগুড়ার মো.জাহা্ঙ্গির হোসেন(৩০), ঢাকার মো.আলেকচান মিয়া(৭২), মানিকগঞ্জের মো.মাইনুদ্দিন(৪৫) ও পিরোজপুর জেলার বিবেক চক্রবর্তী(৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সিপিসি-১ কোম্পানী কমান্ডার আব্দু্ল্লাহেল হাদি।
তিনি জাগোনিউজকে বলেন, আটককৃতরা সংঘবদ্ধ একটি চক্র। তারা বিভিন্ন স্থান থেকে গোপনে মূর্তি সংগ্রহ ও কেনা বেচার কাজ করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের হেমায়েতপুরের দক্ষিণ মেইতকা এলাকার মো.আলেকচান মিয়ার বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮ কেজি ৪৮০ গ্রাম ওজনের শিব লিঙ্গের একটি মূর্তি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/টিআই