দেশের কারাগারে মিয়ানমারের ২৩৭ নাগরিক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৩ জুন ২০১৫

বাংলাদেশের কারাগারে মিয়ানমারের ২৩৭ জন নাগরিক আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের এনামুর রশীদ কিরনের টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের কারাগারে বিভিন্ন দেশের ৫১০ জন নাগরিক বন্দি রয়েছেন। ৫১০ জনের মধ্যে বিচারাধীন ৩৬৮ জন, কয়েদি ৬২ জন এবং মুক্তিপ্রাপ্ত ৫০ জন, এর মধ্যে মিয়ানমারের সর্বাধিক ২৩৭।

এ ছাড়া পাকিস্তানের ৪৩ জনের মধ্যে কয়েদি ৮ জন, বিচারাধীন ৩৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ২ জন। নেপালের ২ জনই মুক্তিপ্রাপ্ত। তানজানিয়ার ৩ জনের মধ্যে কয়েদি ২ জন, অপরজন বিচারাধীন। নাইজেরিয়ার ১০ জনই বিচারাধীন। মালয়েশিয়ার ১ জন বিচারাধীন। এছাড়া ক্যামেরুনের ২ জন বিচারাধীন, পেরুর ১ জন বিচারাধীন ও আলজেরিয়ার ১ জন বিচারাধীন রয়েছেন বলে জানানো হয়।

ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শনাক্তপূর্বক তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

রেড অ্যালার্ট নোটিশটি ইন্টারপোল সদর দফতরসহ এর সদস্যভুক্ত সব দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) অবহিত করা হয়েছে।

এইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।