শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:২২ এএম, ২৩ জুন ২০১৫

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বাহাদুরপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে মেয়ে জামাই চান গাজীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুর আলাউদ্দিন পলাতক রয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত চান গাজী একই উপজেলার খোন্তাখালী গ্রামের রুহুল আলম গাজীর ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করা মেহেন্দীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে জানান, চান ও তার স্ত্রী সোনিয়া ৬ মাসের শিশু সন্তান নিয়ে আলাউদ্দিনের বাড়ি বেড়াতে আসেন। সোমবার রাতের যেকোনো সময় চান গাজীকে হত্যা করা হয়। এরপর তার মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে গেলে মরদেহ আর ঝুলাতে পারেননি তারা। পরবর্তীতে মরদেহের গলায় দড়ি পেঁচিয়ে আলাউদ্দিনসহ বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে চান গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধারকালে ঘরে চানের স্ত্রী ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ২ বছর পূর্বে চান গাজীর সঙ্গে সোনিয়ার বিয়ে হয়।

তবে কী কারণে চানকে হত্যা করা হয়েছে তা উদঘটন করতে পারেনি পুলিশ।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।