ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মিরপুর পুলিশ লাইনসে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস হাবীবা হোসেন, পুনাকের কার্যনির্বাহী সদস্য মিসেস আফরোজা জামান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানের শুরুতে বিকেল ৩টায় আইজিপি রঙ-বেরঙের বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর দুই জন ক্রীড়াবিদের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে ১০০ মিটার দৌঁড়, বালিশ যুদ্ধ, সুরের তালে তালে বালিশ বদল, ১০০ মিটার হাঁটা, ডার্ট থ্রো, বেলুন ফুটানো ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতাসহ মোট ১৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, যারা অংশগ্রহণ করেছেন কিন্তু বিজয়ী হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের সম্পর্ক গড়ে ওঠে। বছরে এ একটি দিনের জন্য ডিএমপির প্রতিটি সদস্য ও তাদের পরিবার মুখিয়ে থাকে। পুরো অনুষ্ঠানটি ছিল গোছালো ও সুশৃংখল। ডিএমপি একটি টিম হয়ে কাজ করে সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, টিম ডিএমপি পরিবারের আজকে একটি উৎসবের দিন। ক্রীড়ার মাধ্যমে ডিএমপি পরিবারের সম্পর্ক সুসংগঠিত হয়। খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া শৈলী দেখিয়েছে। এ ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ।
ডিএমপির বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকাস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
জেইউ/এএইচ/এমএস