মিনার ইন্ডাস্ট্রিজের বকেয়া বেতন পরিশোধের দাবি
নারায়ণগঞ্জের ফতুল্লার মিনার ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড বেআইনিভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে বকেয়া বেতনসহ সব ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
রোববার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গত ১৪ ফেব্রুয়ারি সকালে যথারীতি কাজের জন্য শ্রমিকরা কারখানায় যান। সেখানে দেখতে পান, মালিকপক্ষ শ্রম আইনের ৩০ ধারা লঙ্ঘন করে শ্রমিকদের চলতি ও বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ন্যূনতম সুরাহা না করে, বেআইনিভাবে তালা লাগিয়ে বন্ধ ঘোষণা করেছে।
বক্তারা আরও বলেন, অথচ শ্রম আইনের ৩০ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কোম্পানি কারখানা বন্ধ ঘোষণার আগে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধ করতে হবে। কিন্তু মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ প্রচলিত শ্রম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেআইনিভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছে। বন্ধ কারখানা খুলে দেয়া এবং আমাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তখন যে পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য মালিকপক্ষই দায়ী থাকবে।
সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, শ্রমিক নেতা আবু সুফিয়ান, সফিক সেলিম, মাহবুব রশীদসহ মিনার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএস/এমএমজেড/পিআর