মান্নার নিঃশর্ত মুক্তির দাবি
দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, অবৈধভাবে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছে। সরকারের অন্যায় অপকর্ম সম্পর্কে কথা বলেছেন বলেই তিনি গ্রেফতার হয়েছেন।
মাহমুদুর রহমান মান্না অন্যায় না করেই বিনা বিচারে কারাগারে আছেন শুধু অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্যই। আর এ ঘটনা ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তারা।
কারাবন্দি মান্নার অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, তিনি শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, কোন ষড়যন্ত্র করেননি।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য জিল্লুর সিদ্দিকী দিপুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আতিক রহমান, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান, আবু বকর সিদ্দিক, গাজী ইসলাম উদ্দীন প্রমুখ।
এএস/একে/এমএস