পরিসংখ্যানে এগিয়ে থেকেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চে কে ট্রফি হাতে তুলবেন। এমন প্রশ্ন এখন সবার মনে। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আজ (রোববার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রমাণ করে বিশ্বকাপের শিরোপা ঘরে করতে চায় দু`দল। তবে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে ক্যারিবীয়রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট চারবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সবগুলোতেই হেরেছে ইংলিশরা। এবারের আসরের সুপার টেন পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। ওই ম্যাচেও গেইলের ব্যাটিং তান্ডবে হেরে গিয়েছিল ইংল্যান্ড।
এছাড়া বিশ্বকাপের বাইরেও টি-টোয়েন্টিতে এই দুই দলের এখন পর্যন্ত ১৩বার দেখা হয়েছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে নয়বার। আর ইংল্যান্ডের জয় মাত্র চারটি।
অন্যদিকে উভয় দলই এবার দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে। এর আগে উভয় দলই একবার করে ফাইনাল খেলে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১০ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। আর এর পরের আসরেই ২০১২ বিশ্বকাপে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই এবার জিতলে প্রথমবারের মত দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছে দল দুটি। ফলে ইতিহাস গড়তে বদ্ধপরিকর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
আরএ/এমআর/এমএস