ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক ভারত। ম্যাচে হারের প্রধান কারণ দুইটি নো বল, এমনটাই মত অধিনায়কের। ভারতের ক্রিকেট বিশ্লষকরা বলছেন, ম্যাচের শেষ ওভারে অশ্বিনের মতো বোলার থাকতে কোহলির উপরই কেন ভরসা করলেন ধোনি। ফলে এটি তার অধিনায়কত্বের অন্যতম ভুল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এতোসব আলোচনার মধ্যেও ধোনিকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বিশ্বকাপে ধোনিকে অধিনায়ক হিসেবে কত নম্বর দেওয়া যায়, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধোনি নিঃসন্দেহে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। ঠান্ডা ঘরে বসে কোনও অধিনায়ককে নিয়ে আলোচনা করা যেতেই পারে। কিন্তু মাঠের মধ্যে একজন অধিনায়ক অসম্ভব চাপের মধ্যে থাকে। তাকে অনেক কিছু প্ল্যান করতে হয়। সবসময় সবকিছু ঠিকঠাক হয় না। তবে ধোনি অধিনায়ক হিসাবে দুর্দান্ত।
তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের বিষয়ে তিনি বলেন, ধোনি শেষ ওভারটা কোহলিকে দিয়ে না করালেই পারত। কোহলি ছাড়াও ধোনির কাছে অশ্বিনের মতো বোলার ছিল। ধোনি চাইলে আগেই কোহলিকে দিয়ে একটা ওভার করিয়ে নিতে পারত।
আরএ/এমআর/এমএস