চারুনীড়ম চিত্রকুসুম অভিনেতা সুজাত শিমুল


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৪ এপ্রিল ২০১৬

দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ২০০৮ সাল থেকে হঠাৎ করেই এক ঘণ্টার নাটক প্রচার কমে আসতে থাকে। একসময় সেটি প্রায় বন্ধের পর্যায়ে চলে যায়। তারপরের বছর থেকেই এক ঘণ্টার নাটককে উৎসাহিত করতে চারুনীড়ম ইন্সটিটিউট আয়োজন করে আসছে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’।

নির্বাচিত কাহিনিচিত্রগুলোর মধ্যে থেকে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’ প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় গেল ১ এপ্রিল, শুক্রবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার-২০১৬’ প্রদান করা হয়।

সেখানে সেরা কাহিনিচিত্র নির্বাচিত হয়েছে আবু হায়াত মাহমুদের ‘আঁধারের ঋণ’ নাটকটি। এ নাটকে অভিনয়ের জন্য সম্ভাবনাময় শিল্পী হিসেবে ‘চিত্রকুসুম’ পুরস্কার জিতেছেন অভিনেতা সুজাত শিমুল। নাটকে তিনি অভিনয় করেছিলেন তিশার বিপরীতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। এছাড়া একই নাটকে অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকটিতে বাঈজি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

একই নাটকের জন্য শ্রেষ্ঠ কাহিনিকারের পুরস্কার পেয়েছেন তাবারুখ হোসেন ভূঁইয়া। একসঙ্গে চারটি পুরস্কার প্রাপ্তির প্রেক্ষিতে ‘আঁধারের ঋণ’ নাটকের অভিনতো সুজাত শিমুল বলেন, ‘এই নাটকে অভিনয় করতে পারাটা আমার জন্য পরম সৌভাগ্যের। এর আগেও আরটিভির স্টার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতেছে নাটকটি। প্রশংসিত হয়েছে সবার অভিনয় ও কাহিনিচিত্রটি। তবে এবার চারুনীড়মের মতো এমন দারুণ স্বীকৃতি আমাকে ও এই নাটকের সাথে জড়িত সকলকে অনুপ্রাণীত করেছে।’

এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা ড. ইনামুল হক ও অভিনেত্রী দিলারা জামান। দুজনকেই সম্মননা হিসেবে ৫০ হাজার করে টাকা দেয়া হয়। পুরস্কারের এ অর্থের পুরোটাই প্রদান করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়া আরো ১২টি ক্যাটাগরিতে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

‘প্রণয়িনী’ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন গোলাম সোহরাব দোদুল। পাশাপাশি নবীন উদীয়মান পরিচালক হিসেবে চিত্রকুসুম ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছেন ইমরাউল রাফাত (প্রিয়তমেষু)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন মেজবাহ উদ্দিন সুমন, ‘শুক্ল পক্ষের আহবান’ নাটকের জন্য। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব (আলপিনের আত্মপ্রতিকৃতি), শ্রেষ্ঠ চিত্রসম্পাদক-ময়ূখ বারী (ফটো শুট), শ্রেষ্ঠ রূপসজ্জাকারী-রহমান (রবিবার), শ্রেষ্ঠ আবহসঙ্গীত-নীল কামরুল (আলপিনের আত্মপ্রতিকৃতি)। এছাড়া শ্রেষ্ঠ কাহিনীচিত্র নির্বাচিত হয়েছে ইনভেনশান নাটকটিও।

এদিকে সুজাত শিমুল বর্তমানে পুরোদমে ব্যস্ত রয়েছেন অভিনয়ে। এরইমধ্যে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত ‘রুপকথার মা’, ‘ভাইরাস’, ‘ঝালমুড়ি’, ‘মেঘের উপর মেঘ জমেছে’, ‘তীরন্দাজ’ ইত্যাদি নাটকগুলো। জানালেন, শিগগিরই আরো তিনটি নতুন ধারাবাহিকের প্রচার শুরু হবে বেসরকারি তিনটি চ্যানেলে।

শিমুল আরো জানান, সম্প্রতি তিনি কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প ‘একরাত্রি’ অবলম্বনে নির্মিত একটি খন্ড নাটকে। ‘একরাত্রি’ শিরোনামের নাটকটিতে তার বিপরীতে দেখা যাবে লাক্স তারকা জাকীয়া বারী মমকে। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘একটি অসমাপ্ত কবিতার গল্প’ নামের টেলিছবিতে। সাকী চৌধুরীর পরিচালনায় এখানে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মনপুরা’ খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। আর প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীর যাত্রার। শিমুল বলেন, অনিমেষ আইচের তিনটি চিত্রনাট্যে নির্মিত নাটকে অভিনয় করতেই এই কাশ্মীর যাত্রা। তিন নাটকের একটি পরিচালনাও করবেন অনিমেষ আইচ।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নাম লিখিয়েছেন সুজাত শিমুল। সম্প্রতি শুটিং করে এলেন ‘ঘুন্টিঝড়’ নামের চলচ্চিত্রের। পারভেজ আমিনের পরিচালনায় ছবিটিতে শিমুল প্রথমবারের মত নেতিবাচক চরিত্রে হাজির হতে যাচ্ছেন।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।