আশুলিয়ায় ডিবি পরিচয়ে প্রতারণাকালে আটক ১
আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে জনতার সঙ্গে প্রতারণার অভিযোগে মো. রাজীব (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টায় আশুলিয়ার গাজিরচট এলাকায় প্রতারণাকালে ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা জনগণ। আটক ওই ব্যক্তি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শলীমাবাদ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় এক ভুক্তভোগী জানায়, রাজীব নামের ওই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার নিকট মাদক আছে এমন অভিযোগ আনে। এসময় টাকা না দিলে তাকে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকি দেয় রাজীব নামের ওই প্রতারক। পরে ঘটনাটি এলাকাবাসীর নিকট সন্দেহজনক মনে হলে তাকে আটকে রেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডিবি পরিচয়দানকারী প্রতারক রাজীবের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল, ছুরি ও মাদকদ্রব্য উদ্ধার করে।
এব্যাপরে আশুলিয়া থানার উপপরিদর্শক কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজীব নামের ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
অাল-মামুন/একে/আরআইপি