অবৈধ সম্পদ অর্জন

স্ত্রীসহ বাখরাবাদ গ্যাসের সাবেক উপ-ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৩ জুন ২০২৪
ফাইল ছবি

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক উপ-ব্যবস্থাপক আব্দুল হাই ভূঁইয়া ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে।

সোমবার (৩ জুন) দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে সংস্থাটির কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আঞ্জুমান আরা বেগম তার স্বামী আব্দুল হাই ভূঁইয়ার অবৈধ সম্পত্তি ভোগ দখলে রেখে এবং দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের মিথ্যা তথ্য/হিসাব দিয়ে কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আঞ্জুমান আরা বেগম একজন গৃহিণী এবং তার স্বামী আব্দুল হাই ভূঁইয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পামি লিমিটেডের কুমিল্লায় উপব্যবস্থাপক হিসেবে রাজস্ব বিভাগে কর্মরত ছিলেন (বর্তমানে অবসরপ্রাপ্ত)। আসামি মিসেস আঞ্জুমান আরা বেগমের নিজ নামে মোট দুই কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ১৪০ টাকার সম্পদ অর্জন করেছেন। মিসেস আঞ্জুমান আরা বেগমের আয়কর নথি অনুযায়ী তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ৩৫ লাখ ৫৭৯৩ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৯১ লাখ ৪১ হাজার ৯৩৩ টাকা।

তার দাখিল করা সম্পদ বিবরণী ফরমের স্থাবর অংশে ০৬ শতাংশ জমি এবং ওই জমিতে চারতলা নির্মাণাধীন একটি বাড়ির কথা উল্লেখ করেন। ওই ০৬ শতাংশ জমি তার মায়ের কাছ থেকে হেবা সূত্রে প্রাপ্ত দলিল নং ৩৭১৮/১৯৯৯ মূলে অর্জন করেন। তবে সম্পদ বিবরণী ফরমে ওই বাড়ির কোনো নির্মাণ ব্যয় উল্লেখ করেননি।

অনুসন্ধানকালে প্রকৌশলী টিম বাড়িটি পরিমাপ অন্তে চারতলা ভবনের নির্মাণ ব্যয় নির্ধারণ করেন এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৮৮ টাকা। এছাড়া তার দাখিল করা সম্পদ বিবরণীর অস্থাবর অংশে মোট ৮০ লাখ ৬১ হাজার ৫২ টাকার কথা উল্লেখ করলেও যাচাই/অনুসন্ধানকালে মোট ৮৩ লাখ ৬১ হাজার ৫২/- টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তিনি সম্পদ বিবরণীতে ৩ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান হয়। এছাড়া আঞ্জুমান আরা ১ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

এসএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।