নির্বাচন ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে দৃশ্যমানভাবে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে বাড়ানো হয়েছে নজরদারি। বিশেষ করে ব্যস্ত এলাকাগুলোতে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। ছবি: মাহবুব আলম
-
বাংলামোটর এলাকায় সরেজমিনে দেখা যায়, রাস্তায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও আরোহীদের তল্লাশি করা হচ্ছে।
-
কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন এমন নানা প্রশ্নের মাধ্যমে যাচাই করা হচ্ছে চলাচলের কারণ। প্রয়োজনে কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে।
-
পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন শনাক্ত করাই এর মূল উদ্দেশ্য। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
-
এলাকাবাসীর কেউ কেউ জানান, চেকপোস্টের কারণে সাময়িক ভোগান্তি হলেও নিরাপত্তা বাড়ানোকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন। অনেকের মতে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য এমন সতর্কতা জরুরি।
-
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি বাড়বে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ, র্যাবসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।