আজকের আলোচিত ছবি: ৩০ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা সম্পন্ন হয়। গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়েছে। ছবি: সংগৃহীত
-
সামরিক বাহিনীর সহায়তা ছাড়াই মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে পাবনার মুক্তিযোদ্ধা ও জনমানুষের প্রতিরোধ বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনা প্রেস ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রপতির বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পাবনার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: সংগৃহীত
-
হামে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। এদের আকান্তের হার ৬৫ শতাংশ। আজ দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ কথা বলেন। তিনি বলেন, ‘হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ২৭০ শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো শিশু মারা যায়নি।’ ছবি: সংগৃহীত
-
বাংলাদেশের টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ফ্রান্স। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান। ছবি: সংগৃহীত
-
ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ফসলি জমি। পাশের ধোবাউড়ার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে বোরোসহ বিভিন্ন সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ছবি: জাগো নিউজ