মানুষের ক্ষতির পাঁয়তারা করছে বিএনপি : অর্থমন্ত্রী
সরকার যখন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তখন বিএনপি মানুষের ক্ষতির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে বিএনপি কিছুই করতে পারেনি, ৫ জানুয়ারিতেও কিছুই করতে পারবে না। তারা শুধু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু লেখাপড়া করে লাভ হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনেরও প্রয়োজন রয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেলদুয়ার-নাগরপুর আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিউদ্দিন খা।