মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমি আগামী দিনেও অবিচল থাকবো: তুলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি/ছবি: জাগো নিউজ

 

‘আপনার দুয়ারে তুলি’—স্লোগানে ঢাকা-১৪ আসনে দিনব্যাপী গণসংযোগ, পদযাত্রা ও মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ, কারখানা পরিদর্শন, পদযাত্রা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সকালে বাঙলা কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সানজিদা ইসলাম তুলি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময় আমি লড়াই সংগ্রাম করেছি, এক মুহূর্তের জন্যও পিছু হটিনি। একটি ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে আমি আগামী দিনেও অবিচল থাকবো।

এদিন দুপুর ১২টায় গণসংযোগ কর্মসূচির শুরু হয় বাঙলা কলেজ সংলগ্ন গার্মেন্টস ব্যাবিলন ও বাঙলা কলেজ স্টাফ কোয়ার্টার এলাকায়। এসময় তিনি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকদের কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের বিষয়ে খোঁজখবর নেন।

শ্রমিকদের উদ্দেশে ধানের শীষের এ প্রার্থী বলেন, এদেশের উন্নয়ন শ্রমিকের ঘামে দাঁড়িয়ে। আপনাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

jagonews24

বিকেলে ৩টায় পর্বত এলাকা থেকে মিরপুর–১ পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পদযাত্রার সময় তিনি রাস্তায় রাস্তায় মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে গণসংযোগ করেন।

বিকেল ৪টায় চিড়িয়াখানা রোডের ট্রপিক্যাল সেতু হোমসে একটি মতবিনিময় সভা হয়। সেখানে নারী ভোটার, তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক ও স্থানীয় বাসিন্দারা পানি সংকট, ড্রেনেজ ব্যবস্থা, ভাঙা সড়ক, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো নানান সমস্যা তুলে ধরেন। এসময় সানজিদা তুলি সেগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসইউজে/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।