বিগত বছরে ভোটাধিকার না থাকায় বেড়েছে দুর্নীতি-অপশাসন: তারেক রহমান
বিগত বছরগুলোতে দেশে ভোটাধিকার ও কার্যকর নির্বাচনব্যবস্থা না থাকায় দুর্নীতি ও অপশাসন বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, জবাবদিহির অভাব দেশের শাসনব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর জোর দেন তিনি।
বিএনপি চেয়ারম্যান জানান, তাদের ইশতেহার মূলত পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে গড়া- রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ।
দেশের বর্তমান বাস্তবতায় রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার জরুরি জানিয়ে তারেক রহমান বলেন, ইশতেহারে গণতন্ত্র ও জাতিগঠন, মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার- এই পাঁচটি বিষয়ে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, গণতন্ত্র ও জাতিগঠনের ভিত্তি শক্তিশালী করতে বিএনপি ৩১ দফা ও জুলাই সনদের বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে। এসব বিষয় দলের আগের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের আন্দোলনের মূল চেতনা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র ও সরকার পরিচালনার প্রতিটি স্তরে দায়িত্বপ্রাপ্তদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
বিগত ১৬-১৭ বছরের পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটাধিকার ও কার্যকর নির্বাচনব্যবস্থা না থাকায় জবাবদিহির অভাব তৈরি হয়েছে। এর ফলেই অপশাসন ও দুর্নীতি বেড়েছে।
গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ছাড়া জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। বিএনপি সবসময় এই স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএআর/একিউএফ