লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াত আমির
দেশে ‘লাইলাতুল গুজব চলছে’ বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসব গুজবকে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’
ভোটকে উৎসবে পরিণত করার আহ্বান
এর আগে রাতেই তার পেজে এক ভিডিও বার্তায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উৎসবমুখর হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবনের প্রথম ভোট হোক নতুন দেশ গড়ার প্রত্যয়ের ভোট—দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকারের ভোট।’
যুবসমাজের উদ্দেশে করে তিনি বলেন, ‘আমার যুবক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জীবনের প্রথম ভোট তোমরা কাল দেবে—পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীকে। একটি নতুন দেশ গড়ার প্রত্যয়ে, পরিবর্তনের আশায়, সুশাসনের আশায়।’
তিনি বলেন, ‘ভোট শুধু দেওয়ার বিষয় নয়, এটি উদযাপনের বিষয়।’ তরুণদের উদ্দেশে তার আহ্বান, ‘একাই যাবে না। বন্ধু-বান্ধব, ভাই, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবে। সবাইকে উৎসাহিত করবে।’
তার ভাষায়, ‘এরই মধ্যে মানুষের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে—মানুষ ছুটছে গ্রামে, নিজের ভোটকেন্দ্রে, আপনজনের কাছে। এটি পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করেন তিনি।’
‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। এ নির্বাচনে দুটি ভোট থাকবে। যারা সংস্কার ও পরিবর্তন চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন—সিদ্ধান্ত সবার নিজস্ব।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা চাই সবাই ভোটটা সত্যিকারের উদযাপন করুক।’
তিনি বলেন, ‘যুবকরাই তো বাংলাদেশ। তোমাদের জন্যই বাংলাদেশ। জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।’ তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজেদের পছন্দমতো নেতা ও দল নির্বাচন করতে হবে—যারা ক্ষমতায় এসে মানুষকে স্বস্তি দেবে এবং দেশকে আর কখনো ফ্যাসিবাদের কবলে পড়তে দেবে না।’
নারীদের ঐতিহাসিক ভূমিকার স্বীকৃতি এবং নারী সমাজের প্রতি বিশেষ আবেদন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যুগে যুগে নারীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে চব্বিশের গণ-আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল স্মরণীয়।’
‘রাস্তায় নেমে এসেছেন, শক্তি জুগিয়েছেন, পানি পান করিয়েছেন, সমানতালে লড়াই করেছেন’—এভাবে নারীদের অবদানের কথা তুলে ধরেন তিনি।
তার মতে, ‘নারী-পুরুষ মিলেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ—একটি স্বাধীন রাষ্ট্র, যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলবে, আমিই তো বাংলাদেশ।’
মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের প্রত্যাশা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতি এমন একটি বাংলাদেশের অপেক্ষায় আছে যা হবে মানবিক, যেখানে সাম্য থাকবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বিচারের জন্য মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হবে না—রাষ্ট্রই ন্যায় নিশ্চিত করবে।’
তিনি প্রশ্ন রেখে আরও বলেন, ‘তোমরা প্রস্তুত তো? মায়েরা, বোনেরা, সবাই প্রস্তুত? আগামীকালই সেই ভিত্তি রচনার দিন।’
নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্য ছড়ানোর আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যদি বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে চায়, তবে বুঝতে হবে তারা জাতির ক্ষতি করতে চায়।’ তিনি দেশবাসীকে অনুরোধ করেন, ‘কোনো গুজবে কান না দিতে।
তার বিশ্বাস, অতীতের মতো এবারও জাতি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে।’
প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশটি আমাদের সবার। আসুন সত্য, ন্যায় ও ভালোর পথে একসঙ্গে হাত মিলাই। কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না।’
তিনি বলেন, ‘সত্যের বিজয় হলে জাতি জিতবে, আর জাতি জিতলে কেউ হারবে না।’ একটি শান্তিপূর্ণ ও বিশ্বে প্রশংসিত নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন। শেষে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আরএএস/ইএ