মেয়ের হাত ধরে ভোট দিলেন সত্তোর্ধ্ব রাবেয়া, প্রত্যাশা দেশের ভালো

এমদাদুল হক তুহিন
এমদাদুল হক তুহিন এমদাদুল হক তুহিন , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
উত্তরার আজমপুরের ক্লাইক্স মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন রাবেয়া বেগম, ছবি: জাগো নিউজ

মেয়ের হাত ধরে ভোটকেন্দ্রে এসেছিলেন সত্তোর্ধ্ব রাবেয়া বেগম। ভোট দিয়ে তিনি বলেন, ‘সবার ভালোর জন্যে ভোট দিতে এসেছি। দেশের ভালোর জন্যে ভোট দিতে এসেছি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-১৮ আসনে উত্তরার আজমপুরের ক্লাইক্স মডেল স্কুলে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়ে আয়েশা আক্তারের হাতে হাত রেখে ভোট দেওয়া শেষে সিঁড়ি দিয়ে নামছিলেন রাবেয়া বেগম। এসময় এক সিঁড়ি থেকে অপর সিঁড়িতে পা ফেলতে খুব কষ্ট হচ্ছিল তার।

৭০ বছর বয়সী রাবেয়া বেগম বলেন, ‘ভোট দিতে পেরে ভালো লাগছে। সবার ভালোর জন্য ভোট দিতে আসছি, দেশের সবার ভালোর জন্য আসছি।’

কী চান সরকারের কাছে এমন প্রশ্নে বলেন, ‘দেশের ভালো চাই। দেশের উন্নতি চাই।’

এসময় তার মেয়ে আয়েশা আক্তার বলেন, ‘আমরা ইনসাফের দেশ চাই।’

ঢাকা-১৮ আসনে প্রার্থী ছিলেন ১০ জন। তবে, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এ কারণে এ আসনটিতে বর্তমানে প্রার্থীর সংখ্যা ৯ জন। বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, শাপলা কলি প্রতীকে এনসিপির আরিফুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মো. জাকির হোসেন, রেলইঞ্জিন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার, মই প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সৈয়দ হারুন-অর রশীদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সামিনা জাবেদ, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিন ও হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন এই আসন থেকে নির্বাচন করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড ঢাকা-১৮ আসনের মধ্যে পড়েছে। এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫০, নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

ইএইচটি/এমএমএআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।