ভোট দিয়ে সন্তুষ্ট ইশরাক

আশিকুজ্জামান
আশিকুজ্জামান আশিকুজ্জামান , নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট প্রদান শেষে ইশরাক হোসেন জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিএনপি প্রার্থী বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, আমরা ফলাফল মেনে নেব। ফলাফল মেনে নেওয়ার মানসিকতা সবার থাকতে হবে। যাদের সেই মানসিকতা নেই, তারাই কারচুপি ও নানা অনিয়মের আশ্রয় নেয়।

তিনি অভিযোগ করে বলেন, এই আসনে গতকাল কিছু অপ্রীতিকর পরিস্থিতি দেখা গেছে। বিশেষ করে জামায়াতের সমর্থকেরা কেন্দ্র দখল ও ভোট কেনার চেষ্টা করেছে। তারা যতই সাধু সাজার চেষ্টা করুক, জনগণ তাদের আসল চেহারা চিনে গেছে। জনগণ ভোটের মাধ্যমেই তাদের অন্যায়ের রায় দেবে।

সবশেষে ইশরাক হোসেন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব। তাই সবাইকে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন। প্রদানকৃত পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। অন্যদিকে সাধারণ ভোটগুলো সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা করা হবে।

এমডিএএ/জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।