দীপেন দেওয়ান

তিন পার্বত্য জেলার অধিপতি নই, সেবক হিসেবে কাজ করতে চাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা/ছবি: জাগো নিউজ

পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, আমি তিন পার্বত্য জেলার অধিপতি নই, বরং সেবক হিসেবে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন তিন পার্বত্য জেলার মানুষের সেবা নিশ্চিত করার জন্য।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়কেই পিছনে রাখা হবে না। সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। 

পাহাড়ি অঞ্চলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।

সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী দীপেন দেওয়ান। পার্বত্য অঞ্চলকে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, আমরা একজন ত্যাগী মানুষকে মন্ত্রী হিসেবে পেয়েছি। তার সুযোগ্য নেতৃত্বে আমরা তিন পার্বত্য জেলার মানুষ শান্তিতে থাকতে চাই এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।