নেতাকর্মীদের নুর

সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৮ মার্চ ২০২৬
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর/ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দলের পরিচয় বা সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না। ইউএনও অফিস, থানা বা অন্য কোনো সরকারি দপ্তরে গিয়ে দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করলে তা সংগঠনকে বিতর্কিত করবে।

শনিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা অংশ নেন। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে সংগঠনকে বিতর্কমুক্ত রাখা, নৈতিক রাজনীতি চর্চা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

jagonews24.comগণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের একাংশ/ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, ২০১৮ সাল থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের রাজনীতি এগিয়ে এসেছে। এই দলের পরিচয়ের কারণে অতীতে অনেক নেতাকর্মী শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিতে ইতিবাচক সুযোগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজনীতিতে নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে নুর বলেন, কেবল সরকার গঠন করলেই লুটপাটের সুযোগ সৃষ্টি হয়, এমন ধারণা থেকে রাজনীতিকে বের করে আনতে হবে। আদর্শ ও নীতিনৈতিকতার ভিত্তিতে রাজনীতি করলে মানুষের আস্থা অর্জন করা সম্ভব হবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এখন থেকেই সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর। তিনি বলেন, সময়মতো দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, সারাদেশে বিপুলসংখ্যক নেতাকর্মী থাকা সত্ত্বেও সংগঠনটি এখনো কাঙ্ক্ষিত সাংগঠনিক শক্তি অর্জন করতে পারেনি। তাই আগামী নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে দেশজুড়ে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমডিএএ/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।