তিস্তা টোল প্লাজায় তল্লাশি, যুবকের কাছে মিললো দেড়লাখ মার্কিন ডলার
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।
আটক যুবকের নাম লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে লালমনিরহাট উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর থানার ৮ নম্বর গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা টোল প্লাজার দক্ষিণ পার্শ্বে স্থাপিত পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
এসময় সন্দেহজনকভাবে একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামানো হয়। পরে তার শরীর তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলারসদৃশ নোট উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই যুবকের কাছ থেকে ১০০ ডলারের এক হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়। জব্দ করা এই বৈদেশিক মুদ্রার মোট পরিমাণ এক লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম বলেন, ‘উদ্ধার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে।’
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মহসীন ইসলাম শাওন/এসআর/জেআইএম