বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিশ্ববিবেক সোচ্চার : হাছান মাহমুদ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

দেশের মানুষসহ বিশ্বের সকল বিবেকবান মানুষ বিএনপি-জামায়াতের মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অযৌক্তিক হরতাল-অবরোধে পেট্রলবোমা মেরে সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিএনপিকে জামায়াত-সঙ্গ ছাড়ার এবং যুক্তরাষ্টের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বিএনপি-জামায়াতকে নাশকতার পথ ছাড়তে বলেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে এবং যারা হামলার নির্দেশ, অর্থের যোগান ও পরিকল্পনা করছে জনগণ তাদের চিহ্নিত করেছে। রাজধানীর মিরপুরে গতকাল বিএনপি-জামায়াতের তিন পেট্রলবোমা হামলাকারীকে হাতেনাতে ধরে সাধারণ মানুষ গণধোলাই দিয়েছে।

তিনি বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিরোধ যত তীব্র হবে-তত দ্রুত পেট্রলবোমাবাজরা পালিয়ে যাবে।

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সাহজাহান আলম সাজু ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।