খালেদার কার্যালয়ে দ্রুত তল্লাশি চালানো হোক : হাছান


প্রকাশিত: ১১:২১ এএম, ০২ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে খুব দ্রুত তল্লাশি চালানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদার রোষানলে পুড়ছে মানুষ-পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ দাবি জানান।

ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে ৫০-৬০ জন মানুষের খাবার নেয়া হয়। এতো খাবার কে খায়। খালেদা জিয়া সেখানে, জঙ্গি ও সন্ত্রাসীদের লুকিয়ে রেখেছে। সরকারের কাছে আমি আহবান জানাবো আদালতের নির্দেশ অনুযায়ী খুব দ্রুত খালেদার কার্যালয়ে তল্লাশী চালানো হোক।

তার (খালেদা) কার্যালয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ পাওয়া যেতে পারে উল্লেখ করে সাবেক পরিবেশ ও বন মন্ত্রী হাছান বলেন, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালিয়ে বেগম খালেদা জিয়া এখন বোমারু নেত্রীতে পরিণত হয়েছে। বিএনপি-জামায়াত জোট এখন বিএনপি-জঙ্গি জোটে পরিণত হয়েছে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এম.পি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।