হরতাল-অবরোধে দেওয়া বিবৃতি সালাহ উদ্দিন আহমেদের নয় : ডিবি
হরতাল-অবরোধে বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নামে যে বিবৃতি মিডিয়ায় পাঠানো হয় তার অধিকাংশই তার নয়। অনেক সময়ই সালাহ উদ্দিনের নাম করে ইন্টারনেটে পাঠানো বিবৃতিগুলো বিএনপির অন্য লোকজনও পাঠিয়ে আসছেন বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা।
অন্যদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দারা। ইতোমধ্যে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় কয়েক দফা সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। সর্বশেষ চট্টগ্রাম এলাকার সালাহ উদ্দিনের ঘনিষ্ঠ এক শীর্ষ ব্যবসায়ীর বাসভবন এবং মতিঝিলের অফিসে অভিযান চালিয়েছে গোয়েন্দারা। এ সময় ওই অফিসের দুজন দারোয়ানকে আটক করে নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা হয়েছে বলে দাবি করেছেন গোয়েন্দারা।
সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমেদের নামে গণমাধ্যমগুলোতে পাঠানো বিবৃতি নিয়েও সন্দেহ রয়েছে। এসব বিবৃতি পাঠিয়ে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চক্রান্তে সক্রিয় রয়েছে একটি মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই সালাহ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হবো।
এআরএস/আরআইপি