খালেদাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম চিকিৎসকদের


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১১ মার্চ ২০১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হরতাল-অবরোধের নামে জ্বালাও-পােড়াও বন্ধ না করলে প্রতিবাদের পরিবর্তে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন চিকিৎসকরা। বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দেয়ার পর এই হুমকি দেন তারা।

জানা যায়, সরকার সমর্থিত চিকিৎসক সংসদ প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে স্মারকলিপি দেয়ার জন্য আসেন। পরে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান স্মারকলিপিটি গ্রহণ করেন।

সিরাজগঞ্জ ২ আসনের এমপি ডা. হাবিব এ মিল্লাত মুন্না সাংবাদিকদেরকে জানিয়েছেন, সারাদেশে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও বন্ধ করার জন্য চিকিৎসক সংসদ প্রতিনিধি দল খালেদা জিয়াকে স্মারকলিপি দিতে এসেছে। এর আগে বনানী মাঠে চিকিৎসকরা জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে গুলশান কার্যালয়ে আসার অনুমতি দেয়।

বিএনপিনেত্রীকে স্মারকলিপি দেয়ার সময় প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে কী না ডা. মিল্লাতের প্রতি এমন প্রশ্ন করেন শায়রুল কবির খান । জবাবে মিল্লাত বলেন, সহিংসতা বন্ধ করার জন্য আমরা খালেদা জিয়াকে স্মারকলিপি দিচ্ছি। পরবর্তীতে সন্ত্রাস বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীকেও আমরা স্মারকলিপি দেব।

এমএম/এসএইচএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।