গুরুতর অসুস্থ মান্নান, নেওয়া হচ্ছে বিএসএমএমইউতে


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১১ মার্চ ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে। মান্নানের ব্যক্তিগত সহকারী বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার কারাগারের ভিআইপি সেল-১ এ থাকা অবস্থায় তিনি হৃগরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তাকে বিএসএমএমইউতে পাঠানোর উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। পরে বুধবার বিকেল সাড়ে ৫টায় কাশিমপুর কারাগার থেকে এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূইয়া জানান, কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে হাসপাতালে আনা হয়নি।

মান্নানের ভাতিজা ওয়াসিম জানান, কারাগারে খাওয়া-দাওয়া ও ঔষধ সেবনের অনিয়মের কারণে তিনি আরও অস্স্থু হয়ে পড়েন। উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে গাজীপুরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকটি মামলায় তাকে হুকুমের আসামী করা হয়। ১১ ফেব্রæয়ারি গাজীপুর জেলা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় বারিধারা ডিওএইচএস’র বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।