শনিবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ
বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন ক্যাম্পাসে তরুণীদের শ্লীলতাহানি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, নববর্ষের দিন টিএসসিতে ছাত্রলীগের কতিপয় বখাটের সহায়তায় নারীদের বিবস্ত্র করে শ্লীলতাহানির ঘটনায় এ দেশের ছাত্র সমাজ বিস্মিত।
তারা আরও জানান, নারীর সম্ভ্রমহানি ছাত্রলীগের মজ্জাগত অভ্যাস। এর আগেও থার্টি ফাস্ট নাইটে তারা টিএসসিতে এক ছাত্রীর বোনকে বিবস্ত্র করে সম্ভ্রমহানি করেছিল। ঢাবির মুজিব হলের ছাত্রলীগ নেতার নারীর সম্ভ্রমহানির গোপন ভিডিও ধারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিকের ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরি উৎসব পালন ছাত্রলীগের চারিত্রিক স্খলনের পরিচয় বহন করে।
এমএম/এএইচ/বিএ/এমএস