সরকার রাজনীতিকে আবারও উত্তপ্ত করতে চাইছে : বিএনপি
সিটি নির্বাচনকে কেন্দ্র করে সরকার দেশের রাজনীতিকে আরেকবার উত্তপ্ত পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
গত ৫ জানুয়ারির মতো যাতে সিটি নির্বাচন করা না হয় এ আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি নির্বাচনে আন্তরিকতা দেখিয়ে সরকারকে আস্থা ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখা।
দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে খালেদা জিয়া নির্বাচনী প্রচার চালাতে পারেন বলেও তিনি দাবি করেন। খালেদা জিয়াকে নিয়ে সরকারের মন্ত্রী এমপিদের বক্তব্য নির্বাচনের পরিবেশকে উত্তপ্ত করতে পারে বলেও মনে করেন তিনি।
রোববার উত্তরাতে খালেদা জিয়ার প্রচারে বাধা দেয়া উদ্দেশে প্রণোদিত দাবি করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীদের গ্রেফতার প্রক্রিয়া বন্ধ করা উচিত। নির্বাচনী প্রচারের সুযোগ দেয়া উচিত। নিরাপত্তার দায়িত্ব সকারের। এটা নিশ্চিত করতে হবে।
সিটি কর্পােরেশন নির্বাচন নিয়ে সরকার প্রধান ও তার মন্ত্রী-এমপিরা যেসব বক্তব্য দিচ্ছেন তা আচরণবিধির লঙ্ঘন কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুল হাসান, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামছুল আলম তোফা প্রমুখ।
এমএম/বিএ/পিআর