খালেদার গাড়িবহরে হামলা : খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে খালেদার গাড়িবহরে হামলার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র মেরি হার্ফ এ তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি বাংলাদেশে সকলপক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
এ দিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মেরি হার্ফ।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি জানানো হয়েছে এবং এ ধরনের ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি।
প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে রাজধানীর কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রচারণা চালানোর সময় তার গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ হামলা চালানো হয়।
বিএ/এমএস