সিটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি : খাদ্যমন্ত্রী
বিএনপি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে।’
‘কারওয়ান বাজারের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা কিসের আলামত?’ এমন প্রশ্ন রেখে কামরুল ইসলাম বলেন, মানুষ যখন আনন্দঘন পরিবেশে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, তখনই খালেদা তার সেই চেহারা নিয়ে আসলেন। কারণ বিএনপি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে। জনগণ তাদের সঙ্গে নেই উপলব্ধি করে তারা যেকোনো মূল্যে নির্বাচন নষ্ট ও ভণ্ডুল করতে চায়।
তিনি বলেন, খালেদা জিয়া এখন তার দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে নেমেছেন। অথচ নিরাপত্তার অজুহাতে আদালতে হাজিরা দিতে যান না।
সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, চিত্রনায়ক ডেনি সিডাক প্রমুখ বক্তব্য রাখেন।
একে/আরআইপি