মাহীর নির্বাচনী প্রচারণা চলছে


প্রকাশিত: ০২:১৭ পিএম, ২১ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী. বি. চৌধুরী মঙ্গলবার দুপুর ১টায় আগারগাঁওয়ের তালতলা বাসট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

পরে তিনি পশ্চিম আগারগাঁও, শ্যামলী কাজী অফিস, কল্যাণপুর বাসস্ট্যান্ড, মিরপুর ১১ নম্বর বেনারসি পল্লী, শেওড়াপাড়া, গুলশান-২ কাঁচাবাজার ও বাড্ডার বিভিন্ন এলাকায় পথসভায় বক্তৃতা এবং গণসংযোগ করেন। এসময় তিনি ঈগল প্রতীকে ভোট দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
 
মাহী. বি. চৌধুরী দুপুরে আগারগাঁও বাসস্ট্যান্ডে এক পথসভায় বলেছেন, সিটি নির্বাচনে মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তা হলে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

তিনি বলেন, আমাদের বিশাল কোনো বাহিনী নেই যে, তাদের সঙ্গে নিয়ে ঘুরবো। কিন্তু ঢাকা উত্তরের ঘরে ঘরে শতকরা ৬০ ভাগ মধ্যবিত্ত, ২০ ভাগ উচ্চ মধ্যবিত্তের বাস। এ শ্রেণির লোকজন শিক্ষিত, স্বাবলম্বী, তাদের বিবেক জাগ্রত। তাদের সঙ্গে সেতুবন্ধনের জন্য কাজ করছি, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে। এবার মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তা হলে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

এর আগে মাহী বি. চৌধুরী মঙ্গলবার সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের  সমর্থন ও দোয়া চাওয়ার জন্য তার বারিধারার পার্ক রোডের বাসায় যান।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।